নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
প্রিন্ট

নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকসের বিরুদ্ধে যথাযথ কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। এ সময় ইটভাটা দুটিকে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ইটভাটার কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-