দেশের ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য আসছে বিশেষ আয়োজন। দীর্ঘদিন পর একই মঞ্চে গান শোনাবেন নগরবাউল জেমস ও আর্কের হাসান। তাঁদের সঙ্গে থাকছে দেশের আরও তিন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। নব্বইয়ের দশকের জনপ্রিয় রকসংগীত থেকে শুরু করে বর্তমান সময়ের পরিচিত গানগুলো এক মঞ্চে উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা।
কনসার্টটির আয়োজন করছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। পাঁচ ব্যান্ডের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন গিটারিস্ট অনি হাসান। ওয়ারফেজের সঙ্গে পরিবেশনার পাশাপাশি এককভাবেও গিটার বাজাবেন তিনি। আরও সংগীত পরিবেশন করবেন এ কে রাহুল। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটির প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছে। ২৩ অক্টোবর বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে টিকিফাই প্ল্যাটফর্মে। প্রাথমিক পর্যায়ের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সালে শুরু হওয়া ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজের এটি পঞ্চম আয়োজন। এর আগে ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় এবং ২০২৪ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। এবার আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। বিশেষ করে জেমস ও হাসানের একই মঞ্চে ফেরার বিষয়টি নব্বইয়ের দশকের বাংলা রকের স্মৃতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা আয়োজকদের। জনপ্রিয় পাঁচ ব্যান্ডের অংশগ্রহণে রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য ২৩ অক্টোবর হয়ে উঠতে যাচ্ছে রকসংগীতের বিশেষ একটি সন্ধ্যা।








