সারাদেশ

পিপিএম পদক পেলেন সহকারী উপপরিদর্শক সুদীপ বিশ্বাস

⎙ প্রিন্ট
পিপিএম পদক পেলেন সহকারী উপপরিদর্শক সুদীপ বিশ্বাস
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক সুদীপ বিশ্বাস। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনে সাহস, বীরত্ব ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট ৯২ পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন। এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং পিপিএম-সেবা—এই চার ক্যাটাগরিতে মোট ৯২ জনকে পদক দেওয়া হয়। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, সহকারী উপপরিদর্শক সুদীপ বিশ্বাস দায়িত্ব পালনের সময় সাহসিকতা, বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের জন্য এ সম্মাননা অর্জন করেন। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় কর্মরত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ বাহিনীতে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন এবং জননিরাপত্তা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ পদক দেওয়া হয়। চলতি বছরের সংশোধিত তালিকায় ১৮ জনকে পিপিএম পদক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

সুদীপ বিশ্বাসের এ অর্জনকে তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সহকর্মী ও পরিচিতজনরা। দায়িত্ব পালনে নিষ্ঠা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে এই রাষ্ট্রীয় পদক তার কর্মজীবনে নতুন মাত্রা যোগ করেছে।

পদকপ্রাপ্তির পর সুদীপ বিশ্বাস দেশ ও মানুষের নিরাপত্তায় আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জনগণের আস্থা অর্জন এবং পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই তার লক্ষ্য বলে সংশ্লিষ্টদের জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ