পাঁচ বছরে খেলাপি ঋণ প্রায় ছয় গুণ, সংসদে অর্থমন্ত্রীর হিসাব

পাঁচ বছরে খেলাপি ঋণ প্রায় ছয় গুণ, সংসদে অর্থমন্ত্রীর হিসাব
ছবিঃ সংগ্রহিত
প্রিন্ট

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায়। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই পরিসংখ্যান তুলে ধরেন।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত পাঁচ বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২১ সালে এ ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা ওই সময়ের মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ।
২০২২ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা এবং ২০২৩ সালে হয় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৪ সালে তা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছায়।
অর্থমন্ত্রীর দেওয়া হিসাবে ২০২৫ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ গত বছরের শেষের তুলনায় চলতি সেপ্টেম্বরেও খেলাপি ঋণের অঙ্ক বেড়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যাংকগুলোর হিসাবপত্র পরিষ্কার করা, দীর্ঘদিনের ঋণ আদায়ের অচলাবস্থা দূর করা এবং খেলাপি সম্পদ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার নেওয়া হয়েছে। যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর ওপর বিশেষ নজরদারি চলছে।
দীর্ঘদিনের কিছু ঋণ নিষ্পত্তিতে বিশেষ এককালীন প্রস্থান সুবিধার কথাও জানান তিনি। নির্ধারিত শর্তে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই ব্যবস্থায় ঋণ নিষ্পত্তির সুযোগ রয়েছে। তবে এ ব্যবস্থার ঘোষণাকে খেলাপি ঋণ ইতিমধ্যে কমে গেছে বলে উপস্থাপন করা যাবে না।
শেয়ার করুন-