লাখ টাকার বকেয়া আদায়ে রহস্যজনক নীরবতা ও অবৈধ সংযোগ ব্যবহারের সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে খোদ দায়িত্বশীলদের বিরুদ্ধে।

ভূতুড়ে বিলের আতঙ্কে তাড়াইল, ৫ হাজার টাকায় উধাও ৬৫ হাজারের বকেয়া!

ভূতুড়ে বিলের আতঙ্কে তাড়াইল, ৫ হাজার টাকায় উধাও ৬৫ হাজারের বকেয়া!
কিশোরগঞ্জ তাড়াইলের পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল নিয়ে চলছে তুঘলকি কান্ড।
প্রিন্ট
​কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুৎ বিলের অনিয়ম যেন এক অপ্রতিরোধ্য ব্যাধিতে রূপ নিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, বিলিংয়ের নানা কারসাজি ও ভুতুড়ে বিলের জালে আটকে নাজেহাল হচ্ছেন হাজারো গ্রাহক। অতিরিক্ত বিলের এই কবল থেকে রেহাই পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরও। সাবেক ওসি মুজিবুর রহমানের দায়িত্ব পালনকালে তাঁর সরকারি বাসভবনের নামেও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ ওঠে; যদিও পরবর্তীতে তা সংশোধন করে দেওয়া হয়। প্রান্তিক মানুষের এমন হাজারো ভুতুড়ে বিলের ভোগান্তির ফিরিস্তি এক প্রতিবেদনে তুলে ধরা কঠিন।

​তবে সাম্প্রতিক অনুসন্ধানে তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরের এমন এক চিত্র উঠে এসেছে, যা সাধারণ গ্রাহকদের ক্ষোভ ও বিস্ময়কে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে সামান্য বকেয়ার জন্য অসহায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আর হয়রানির অভিযোগ রয়েছে, অন্যদিকে লাখ টাকার বকেয়া আদায়ে রহস্যজনক নীরবতা ও অবৈধ সংযোগ ব্যবহারের সুযোগ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে খোদ দায়িত্বশীলদের বিরুদ্ধে।

​অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, তাড়াইল উপজেলার সাররং গ্রামের বাসিন্দা শাহ আলমের বিদ্যুৎ বিলের হিসাব নম্বর ছিল ০৯-৭৯১-১০০২। ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওই হিসাব নম্বরে বকেয়া দাঁড়ায় ৬৫ হাজার ৪৪৮ টাকা। নির্ধারিত সময়ে এই বকেয়া পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

​কিন্তু এরপরই শুরু হয় নাটকীয়তা। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চললেও বকেয়া ৬৫ হাজার ৪৪৮ টাকা আদায়ে তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিস কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং অনুসন্ধানে জানা গেছে, সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও অভিযুক্ত গ্রাহক বর্তমানে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। সাধারণ গ্রাহকদের প্রশ্ন—যেখানে সামান্য বকেয়া বা মিটার সংক্রান্ত জটিলতায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সেখানে এত বড় অঙ্কের বকেয়া থাকা সত্ত্বেও কীভাবে দিনের পর দিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার চলে?

​পল্লী বিদ্যুতের একটি অংশের বিরুদ্ধে গ্রাহকদের মাঝে ‘কঠোর ও অসহিষ্ণু’ আচরণের অভিযোগ থাকলেও, এই নির্দিষ্ট ক্ষেত্রে প্রায় পাঁচ বছর ধরে বিল আদায়ে কেন কোনো উদ্যোগ নেওয়া হয়নি—তা খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, তাড়াইল পল্লী বিদ্যুৎ অফিসের পরিদর্শক রফিকুল ইসলাম মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে পুরো বিষয়টি ‘ম্যানেজ’ করেছেন।

​সংশ্লিষ্টদের ভাষায়, পরিদর্শক রফিকুল ইসলামের সেই ‘জাদুর কাঠি’র ছোঁয়াতেই প্রায় পাঁচ বছরেও গ্রাহককে বকেয়া ৬৫ হাজার ৪৪৮ টাকা পরিশোধ করতে হয়নি। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, গ্রাহক যতদিন বেঁচে আছেন, ততদিন এই বকেয়া বিলের বিষয়ে তাঁর বিরুদ্ধে কোনো মামলা হবে না—এমন আশ্বাসও নাকি দিয়েছেন ওই পরিদর্শক।

​যদিও এ বিষয়ে জানতে চাইলে গ্রাহক শাহ আলম পুরো অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, পল্লী বিদ্যুতের কাছে তাঁর কোনো বকেয়া বিল পাওনা নেই। তবে বকেয়া না থাকলে কীভাবে এবং কেন হিসাব নম্বর ০৯-৭৯১-১০০২-এর বিপরীতে ৬৫ হাজার ৪৪৮ টাকার বকেয়া নথিভুক্ত রয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও কীভাবে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে—এসব প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি।

​পুরো বিষয়টি নিয়ে তাড়াইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপকের (ডিজিএম) বক্তব্য জানার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। দায়িত্বশীল কর্মকর্তার এমন অসহযোগিতা ও নীরবতা স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

​তাড়াইলের এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন বকেয়া বা অবৈধ সংযোগের বিষয় নয়; এটি একটি প্রাতিষ্ঠানিক তদারকি ও জবাবদিহিতার ঘাটতির প্রতিচ্ছবি। একদিকে সাধারণ গ্রাহকদের ভুতুড়ে বিলের বোঝা ও সংযোগ বিচ্ছিন্নের আতঙ্ক, অন্যদিকে অর্থের বিনিময়ে বকেয়া ধামাচাপা দেওয়ার অভিযোগ—এই দ্বিমুখী চিত্র জনমনে আস্থার সংকট তৈরি করছে।

​সচেতন মহলের মতে, একটি সরকারি সেবা প্রতিষ্ঠানের ভেতরে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে তার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত জরুরি। পরিদর্শক রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা ৫ হাজার টাকার লেনদেন এবং মামলার ভয় না দেখানোর আশ্বাসের অভিযোগ সত্য কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে বকেয়া ৬৫ হাজার ৪৪৮ টাকা আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে অন্যান্য গ্রাহকও বকেয়া পরিশোধে নিরুৎসাহিত হতে পারেন।

​ভুতুড়ে বিলের হয়রানি থেকে সাধারণ মানুষের মুক্তি এবং বকেয়া আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা তাড়াইলবাসীর।

শেয়ার করুন-