তাড়াশে পেশা হারিয়ে মানবেতর জীবন দেড় শতাধিক বেদে পরিবারের

তাড়াশে পেশা হারিয়ে মানবেতর জীবন দেড় শতাধিক বেদে পরিবারের
ছবিঃ প্রতিনিধি
প্রিন্ট

নদীর পাড় কিংবা শহরের কোনো ফাঁকা জায়গায় পলিথিনের ছাউনি দেওয়া ছোট ছোট ঝুপড়ি ঘর। রোদ, বৃষ্টি আর কনকনে শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচেই যাদের বসবাস—তারা আমাদের অতি পরিচিত যাযাবর বেদে সম্প্রদায়।
সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫ নম্বর নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজার সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে আবাস গড়েছেন ঢাকা সাভার থেকে আসা প্রায় দেড় শতাধিক বেদে পরিবার। বংশপরম্পরায় পাওয়া সাপ খেলা দেখানো এবং তাবিজ-কবজ বিক্রি করাই যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ভোরের আলো ফুটতেই জীবিকার তাগিদে সাপের ঝাঁপি কাঁধে নিয়ে চলনবিল অঞ্চলের হাট-বাজার ও অলিগলিতে বেরিয়ে পড়েন তারা। দিনশেষে দর্শকদের দেওয়া সামান্য অর্থ কিংবা চাল-ডালেই কোনোমতে চলে তাদের সংসার।তবে আধুনিকতার ছোঁয়া এবং ডিজিটাল বিনোদনের প্রসারে এখন আর আগের মতো কদর নেই সাপ খেলার। ফলে চরম অর্থকষ্টে দিন কাটছে এসব পরিবারের। জীবনের ঝুঁকি নিয়ে বিষধর সাপ খেলা দেখাতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তবুও পেটের দায়ে এই পেশা ছাড়তে পারছেন না তারা।
সাপুড়ে সরদার তৌফিক বলেন, "বিষধর সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে আমাদের প্রায়ই জীবনের ঝুঁকি নিতে হয়। সাপের কামড়ে অনেকের মৃত্যুও হয়েছে। কিন্তু পেটের দায়ে এবং অন্য কোনো কাজ না জানায় এই ঝুঁকিপূর্ণ পেশা আমরা ছাড়তে পারছি না।"
ঐতিহ্যবাহী এই পেশা হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটানো এসব বেদে পরিবারের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন সচেতন মহল।
শেয়ার করুন-