চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
প্রিন্ট

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়ে গেছে। শুক্রবার রাত সোয়া দশটার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এই ঘটনা ঘটে। ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয় লোকজনের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানিয়েছেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য বড় স্টেশনের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা ব্যক্তিরা। এরপর রেলকর্মী ও যাত্রীরা দ্রুত পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তা অন্য বগিতে ছড়িয়ে পড়েনি। তবে ক্ষতিগ্রস্ত বগিটির দুটি আসন পুড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কোনো হতাহতের তথ্য নেই।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশনে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগি পরিদর্শন করে। চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানিয়েছেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

রেল পুলিশ ঘটনার তদন্ত করছে। বৈদ্যুতিক ত্রুটি, দুর্ঘটনা বা ইচ্ছাকৃত অগ্নিসংযোগ—কোন কারণে আগুন লেগেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
শেয়ার করুন-