বন ও পরিবেশ

ধামইরহাটে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

⎙ প্রিন্ট
ধামইরহাটে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা
⌖ ধামইরহাট

নওগাঁর ধামইরহাটে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা একটি ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালানোর দায়ে ভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ধামইরহাট উপজেলার ভাতগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা ‘মেসার্স বিআরসি ব্রিকস্’ নামের ইটভাটাটি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন গ্রহণ না করেই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালিয়ে আসছিল। অভিযানে বিষয়টি ধরা পড়লে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ভাটা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন অমান্যকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ