নওগাঁর পত্নীতলায় যথাযথ কাগজপত্র ছাড়া ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার অভিযোগে একটি ইটভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার পত্নীতলা উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কারকাজ পরিদর্শন করা হয়।
এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ না করেই ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার বিষয়টি প্রমাণিত হলে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা ও পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পত্নীতলায় অবৈধ ইটভাটার নির্মাণকাজ বন্ধ, ১ লাখ টাকা জরিমানা








