ধামইরহাটে অবৈধ দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ধামইরহাটে অবৈধ দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
প্রিন্ট
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলতলী ঘাট এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (বিবিএফ) এবং মেসার্স মাস্টার জিগজ্যাগ হাওয়া ভাটা (এমবিএফ)—এই দুটি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন-