পার্বত্য চট্টগ্রামের দুটি সংরক্ষিত বনাঞ্চলে জরিপ চালিয়ে বাংলাদেশের সাপের তালিকায় নতুন চারটি প্রজাতির উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি প্রজাতির উপস্থিতি সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় শনাক্ত হয়েছে এবং আরও দুটি প্রজাতি পূর্ববর্তী গবেষণায় নতুন রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়।
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এবং দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে গবেষণা চালানো হয়। গবেষকেরা স্ট্রাইপড কিলব্যাক এবং বিন্দি কিলব্যাক নামের দুটি সাপের উপস্থিতি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করেছেন।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জরিপকালে গবেষকেরা মোট ৭৫ দিন মাঠপর্যায়ে কাজ করেন। প্রায় ৪৮৮ কিলোমিটার পাহাড়ি ছড়া, বনাঞ্চল, ঝোপঝাড় ও জনবসতিপূর্ণ এলাকা ঘুরে ৩৬ প্রজাতির ২০৮টি সাপ নথিভুক্ত করা হয়।
গবেষণা দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা, গবেষক সজীব বিশ্বাস, মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশীষ কুমার দত্ত। কিছু প্রজাতি শনাক্তে ডিএনএ পরীক্ষাও ব্যবহার করা হয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, পাহাড়ি বনাঞ্চলে সড়ক, বন উজাড়, কৃষি সম্প্রসারণ এবং দূষণ সাপের আবাসস্থলকে ঝুঁকির মুখে ফেলছে। জরিপে সড়কে যানবাহনের চাপায় মারা যাওয়া ২৫টি সাপও পাওয়া গেছে। নতুন গবেষণার ফল দেশের বন্যপ্রাণীর বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেছে।





























































