নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় চন্দনা হক ও লিটন ফকির ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

কালিয়ায় বিএনপি নেতার মিছিলে হামলা: চন্দনা হক ও লিটন ফকিরসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

কালিয়ায় বিএনপি নেতার মিছিলে হামলা: চন্দনা হক ও লিটন ফকিরসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা
প্রিন্ট

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল মিছিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় চন্দনা হক ও লিটন ফকির ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ও কালিয়া উপজেলা জিসাস-এর সাধারণ সম্পাদক সোহেল মোল্যার ভাই মোঃ জুয়েল রানা বাদী হয়ে কালিয়া থানায় এই এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর (২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা জিসাস-এর সাধারণ সম্পাদক সোহেল মোল্যা এবং কালিয়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব শাহিনুর ইসলামের নেতৃত্বে ২০-২১ জন নেতাকর্মী ১০-১৪টি মোটরসাইকেল যোগে একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলটি সীতারামপুর গ্রামের পূর্বপাশ থেকে বেন্দারচর গ্রামের পশ্চিম পাশের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৭০-৭৫ জন সশস্ত্র ব্যক্তি মিছিলটির গতিরোধ করে।

অভিযোগে উল্লেখ করা হয়, ১নং আসামি চন্দনা হকের নির্দেশে হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড, পাইপ ও বাঁশের লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে মিছিলকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আসামি বিপ্লব বিশ্বাসের রামদার কোপ বাম হাত দিয়ে ঠেকাতে গেলে সোহেল মোল্যার বৃদ্ধাঙ্গুল কেটে ঝুলে যায়। এছাড়া সাইফুল্লাহ বিশ্বাস, ইয়ামিন বিশ্বাস, জিয়া শেখ ও তারেক মোল্যার রামদার কোপে সোহেল মোল্যার মাথার তালু ও পেছনের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়। পাশাপাশি লিটন ফকির ও জাকারিয়া ফকিরের লোহার রড ও পাইপের আঘাতে তার ডান কনুইয়ের হাড় ভেঙে যায় এবং বাম পায়ের হাঁটুতে গুরুতর জখম হয়।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন— জামাল বিশ্বাস, জাকারিয়া ফকির, ইয়ামিন বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, মহিবুল্লাহ বিশ্বাস, জিয়া শেখ, ইমরান মোল্যা, তারেক মোল্যা, বিল্লাল বিশ্বাস, আকবার মোল্যা, এরশাদ মোল্যা, জাহিদুল শেখ, কুবাদ শেখ, ছিদ্দিক শেখ, রহিম বিশ্বাস, মোঃ ফারুক শেখ, ইসমাইল বিশ্বাস, অনিক বিশ্বাস, মুরাদ বিশ্বাস ও মুক্ত শেখসহ মোট ৫১ জন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশ এজাহারটি গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে।

শেয়ার করুন-