নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটার কর্তৃপক্ষকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামের দুটি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন-




























































