বন ও পরিবেশ

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা

⎙ প্রিন্ট
নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
⌖ নওগাঁ সদর

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি পরিবহনের চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার ও স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে পরিবহনগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ