এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৬–২৭ মৌসুমে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুয়েতের আল কাদসিয়া এসসির কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের ফোর্টিস এফসি। শনিবার, ১৭ অক্টোবর কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর ম্যাচে শুরু থেকেই চাপের মুখে পড়ে বাংলাদেশি ক্লাবটি।
প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন হামজা খাব্বা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আইয়ুব লাখদার। নির্ধারিত সময়ের শেষ দিকে আরও একটি গোল যোগ করেন আহমেদ বুদি। ফোর্টিস কয়েকটি আক্রমণ ঠেকাতে সক্ষম হলেও প্রতিপক্ষের গোলের জবাব দিতে পারেনি।
এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়ে গ্রুপ পর্বে উঠেছিল ফোর্টিস। প্রথম ম্যাচে হারলেও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির। আগামী ২০ অক্টোবর ভারতের এফসি গোয়ার বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ হওয়ার কথা রয়েছে।








