প্রশাসন

সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান, নওগাঁর পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক

⎙ প্রিন্ট
সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান, নওগাঁর পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক
⌖ নওগাঁ সদর

নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার ও প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ে বিশেষ অবদান রাখার পাশাপাশি রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন।

রোববার (১৮ অক্টোবর) নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন।

সভায় জানানো হয়, জেলার ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার, প্রোঅ্যাকটিভ পুলিশিংসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিশেষ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় তার এ অর্জনকে সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ এ সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশকে সম্মানিত করায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ প্রতিরোধে অধিকতর কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে তিনি জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত সংবাদ