প্রশাসন

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

⎙ প্রিন্ট
ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা
⌖ ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানিকদহ, নাসিরাবাদ ও কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ। অভিযানে নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় একই অপরাধে আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের এ জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, জরিমানার পুরো ২ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ ছাড়া মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয় এবং উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, নদী ও পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ