স্থানীয় শিল্পায়নের চাকা আরও বেগবান করতে এবং উদ্যোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে গঠিত হলো কিশোরগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ। শনিবার (২৮ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর অস্থায়ী কার্যালয় (মানূরা টেক্সটাইল মিলস অফিস) প্রাঙ্গণে আয়োজিত এক প্রাণবন্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
আলহাজ মো. এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পনগরীর সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, কারখানার নিরাপত্তা জোরদারকরণ, সরকারি-বেসরকারি দপ্তরের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন এবং শিল্পমালিকদের ন্যায্য স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে উপস্থিত সদস্যরা একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সকলের প্রস্তাব ও সমর্থনে নতুন কমিটি গঠন করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মানূরা টেক্সটাইল মিলসের কর্ণধার এ কে এম মাহফুজুর রহমান। কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মেসার্স এশিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মো. মতিউর রহমান এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুগন্ধা ফুড প্রোডাক্টসের মো. টিপু সুলতান টিপু।
কমিটির পরিচালক হিসেবে স্থান পেয়েছেন এগ্রো প্যাকেজিং লিমিটেডের মো. শফিকুল ইসলাম, ইসলাম ফুড লিমিটেডের মো. জুবায়ের, মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্কের মো. আবু নাসের, ইনাভা ম্যানুফেকচারিং কমপ্লেক্সের ডা. এ বি এম জালাল উদ্দিন এবং গ্র্যাভেল পেভমেন্টের ফারজানা আক্তার। এছাড়া পরিচালক (তরুণ উদ্যোক্তা) হিসেবে নির্বাচিত হয়েছেন বস টেক্সটাইল মিলসের মো. মঈদুর রহমান ইফাজ। সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন এ এস ফুডস প্রোডাক্টের মো. আজিজুল হক ও আর এস ফুডস প্রোডাক্টের মো. সেলিম।
আগামী তিন বছরের জন্য (২৮ নভেম্বর ২০২৬ থেকে ২৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত) এই পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করবে। নতুন নেতৃত্বের হাত ধরে কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীর দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসন হবে এবং স্থানীয় অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
























































