সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকার হিলুয়া ছড়া যেন অবৈধ বালু উত্তোলনকারীদের দখলে! বছরের পর বছর ইজারাবিহীন এই ছড়া থেকে অবাধে বালু উত্তোলন ও বাণিজ্যের অভিযোগ উঠলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দীর্ঘ ছড়ার অন্তত ৫টি স্থানে গড়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনের ঘাট। এর মধ্যে মহালদিক এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি সুইচগেটের পাশেও রয়েছে একটি ঘাট। সেখান থেকে উত্তোলিত বালু দিন-রাত ট্রাক ও পিকআপে চলে পরিবহন ও কেনাবেচা।
অভিযোগ রয়েছে, হিলুয়া ছড়ার বিভিন্ন ঘাট ও সুইচগেটের পাশ থেকে অবাধে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক প্রবাহ ও তলদেশের ভূপ্রকৃতি পরিবর্তিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ছড়ার দুই পাশের সড়ক ও ফসলি জমি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সরকারি অবকাঠামো, কৃষিজমি ও জনবসতি মারাত্মক ঝুঁকিতে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এসব ঘাট নিয়ন্ত্রণ করে বালুর রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। দিনের তুলনায় রাতের আঁধারে বালুবাহী যানবাহনের চলাচল বেড়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় এলাকাবাসীকে। এমনকি প্রতিবাদের জেরে এক দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও উঠেছে। ফলে ক্ষতির আশঙ্কা থাকলেও অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, মহালদিক এলাকার লাহিন মোল্লা, ইউনুস আলী ও খোরশেদ আলমকে ঘিরে সুইচগেট এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, রাতের বেলায় নিয়মিত বালুবাহী ট্রাক চলাচল করে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। প্রশাসনের কারও সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে বছরের পর বছর বালু উত্তোলন সম্ভব কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সুইচগেট এলাকা পরিদর্শনে যান। এ সময় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। কিন্তু এরপরও বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না হওয়ায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে গত ১৯ নভেম্বর অবৈধ বালু উত্তোলন ও পরিবহন ঠেকাতে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে সুইচগেট এলাকার রাস্তার মাঝখানে পাকা পিলার স্থাপন করা হয়। খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান এ পিলার স্থাপন করেন। তবে স্থানীয়দের অভিযোগ, পিলার স্থাপন করা হলেও অবৈধ বালু উত্তোলন ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। ফলে প্রশাসনের উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন মহালদিক গ্রামের মাখন মিয়ার ছেলে আনসার মিয়া। তাঁর ধারণ করা ভিডিওতে একাধিক ব্যক্তিকে ছড়া থেকে বালু উত্তোলন করতে এবং ছড়ার পাশের সড়কে ট্রাক এনে বালু পরিবহন করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওতে বালু পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকের নম্বরও দেখা গেছে। নম্বরটি ঢাকা মেট্রো ঢ-২০-৩৫৫৪।
আনসার মিয়ার স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর প্রকাশিত ভিডিওর সূত্র ধরে লাহিন মোল্লা তাঁর ও তাঁর স্বামী আনসার মিয়ার বিরুদ্ধে আদালতে পরপর দুটি মামলা দায়ের করেন। তারও আগে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রতিকার চেয়ে গত ১২ অক্টোবর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন আনসার আলী। ওই অভিযোগে ইউনুস মিয়া ও লাহিন মিয়ার নাম উল্লেখ করা হয়। এনিয়ে গত ১৭ অক্টোবর শনিবার জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আনসার মিয়ার স্ত্রী লাকি বেগম। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন বালু উত্তোলনের প্রতিবাদ করায় তার স্বামীকে ২০১৫ সালের একটি মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়া হয় এবং গত ১২ অক্টোবর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আনসার আলী পেশায় একজন সিএনজি চালক। সিএনজি চালিয়ে সংসার চালান। ৪ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে লাহিন মোল্লার বিরুদ্ধে গত বছর ডিজেল মজুদের অভিযোগে কারাভোগের ঘটনা রয়েছে। একইভাবে ইউনুস মিয়ার বিরুদ্ধে বাগানের জায়গা দখলসংক্রান্ত মামলায় কারাভোগের অভিযোগও রয়েছে। তবে এসব পূর্ববর্তী অভিযোগের সঙ্গে বর্তমান বালু উত্তোলনের ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
এলাকাবাসীর আশঙ্কা, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ছড়ার গতিপথ ও তীরবর্তী মাটির স্থিতিশীলতা নষ্ট হতে পারে। বিশেষ করে সুইচগেটের ভিত্তি ও আশপাশের অবকাঠামো ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষিজমি ও যোগাযোগব্যবস্থা।
এলাকাবাসীর আরও অভিযোগ, বালু পরিবহনের দৃশ্য ধারণ করতে গেলেও বাধার মুখে পড়তে হয়। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে অনেকেই মুখ খুলছেন না। তাঁদের প্রশ্ন, প্রকাশ্যে বালু উত্তোলন ও পরিবহন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কতটা কার্যকর? প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর এমন কর্মকাণ্ড চলার পরও কেন বন্ধ হচ্ছে না এই বালু বাণিজ্য? কার ছত্রচ্ছায়ায় চলছে হিলুয়া ছড়া থেকে বালু উত্তোলন?
স্থানীয়দের দাবি, শুধু সতর্কবার্তা কিংবা লোকদেখানো পরিদর্শনে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে না। প্রয়োজন নিয়মিত নজরদারি, অবৈধ উত্তোলনের ঘাট ও উৎস শনাক্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সরকারি সুইচগেটের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৃষিজমি ও জনপদ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

শেয়ার করুন-























































