শ্রীবরদীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর ২০২৬) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল।
সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মীজ্ মনীষা আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এস.এম. সোহান, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ শ্রীবরদী গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-























































