শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত
শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত
প্রিন্ট



মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান রক্ষায় স্থানীয় অভিজ্ঞতা ও চাহিদার ভিত্তিতে 'স্থানীয় অভিযোজন পরিকল্পনা' বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর ২০২৬) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK) এবং ওটিএ (OTA)-এর যৌথ উদ্যোগে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে মূল প্রবন্ধ ও লিখিত বক্তব্যে জানানো হয়, শ্যামনগর উপজেলার ছয়টি ইউনিয়ন—আটুলিয়া, কাশিমাড়ি, রমজাননগর, নূরনগর, ভুরুলিয়া ও কৈখালীর সাধারণ মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জলবায়ু সংকটে টিকে থাকার কৌশল ও চাহিদা নিয়ে প্রথমে ইউনিয়নভিত্তিক পরিকল্পনা করা হয়। পরবর্তীতে সেগুলোর সমন্বয়ে উপজেলা পর্যায়ের পরিকল্পনা তৈরি করে গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হয়। উপকূলীয় অঞ্চলের প্রধান সংকটসমূহ:বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির তীব্র সংকট, নদীভাঙন, জলাবদ্ধতা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এর ফলে কৃষি উৎপাদন হ্রাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তাহীনতা, জনস্বাস্থ্য ঝুঁকি, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস এবং কর্মসংস্থানের অভাবে মানুষের বাস্তুচ্যুতি ও সামাজিক বৈষম্য বাড়ছে। এ ছাড়া দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার ধারণ করছে। অভিযোজন ও করণীয় প্রস্তাবনা: লিখিত বক্তব্যে উপকূলীয় জনগোষ্ঠীর টিকে থাকার স্বার্থে নিম্নলিখিত খাতগুলোতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়: সুপেয় পানি ও পানি ব্যবস্থাপনা: বৃষ্টির পানি সংরক্ষণ ও পরিশোধন, জলাশয় ও খাল পুনঃখনন এবং লবণাক্ততা সহনশীল পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা।কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব: লবণাক্ততা সহিষ্ণু ও স্থানীয় জাতের ফসল চাষাবাদ, জৈব সার ব্যবহার, রাসায়নিক ঝুঁকি কমানো, বীজ ব্যাংক স্থাপন এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা।খাদ্য ও পুষ্টি নিরাপত্তা: গৃহস্থালি পর্যায়ে সবজি ও ফল চাষ, নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং নারী-নেতৃত্বাধীন পুষ্টি উদ্যোগকে উৎসাহিত করা। জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য: উপকূলীয় এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ এবং প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। নারী ও শিশুর অধিকার: দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো। প্রাণ-প্রকৃতি ও সুন্দরবন সুরক্ষা: সুন্দরবন ও নদীর ওপর নির্ভরশীল জেলে-বাওয়ালিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, বিষ দিয়ে মাছ ধরা বন্ধ এবং প্লাস্টিক দূষণ রোধ করা। জীবন-জীবিকা ও যুব নেতৃত্ব: জলবায়ু সহনশীল ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণ প্রদান, সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং স্থানীয় সম্পদভিত্তিক কর্মসংস্থান বাড়ানো। দুর্যোগ ও নদীভাঙন মোকাবিলা: টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলা।সমন্বিত উদ্যোগের আহ্বান: ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, জলবায়ু সংকট কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ স্থানীয় এনজিও ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। মিডিয়া ব্রিফিংয়ে বারসিক ও ওটিএ-এর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, নারী ও যুব সংগঠনের সদস্য এবং শ্যামনগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-