আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুর মান্দা বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলাম। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয়ে আলোচনা হয়।
কসবা মান্দা দারুল উলুম কওমি মাদ্রাসার সুপার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় দলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলাম বলেন, ভারশোঁ ইউনিয়নের জনগণের প্রত্যাশা অনুযায়ী রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করতে চান তিনি। জনগণের সহযোগিতা পেলে ভারশোঁ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা জানা এবং এলাকার সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।





























































