বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে লামা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪-এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সোমাইয়া আক্তার।
মতবিনিময় সভায় লামা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানরা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে জনগণের জন্য সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সরকারি দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতি, স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।





























































