কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ভাটকেশ্বর এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে কাউসার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী বড় পুকুরপাড় এলাকায় একটি ভ্যানগাড়ি চুরির অভিযোগে কাউসারকে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে চোর সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত কাউসারকে তার নিজ গ্রাম ভাটকেশ্বর এলাকায় একটি মসজিদের সামনে একটি দোকানের কাছে নিয়ে আসেন এবং তার পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন সেখানে পৌঁছানোর পর প্রায় দুই ঘণ্টা তাদের সঙ্গে কথা বলেন কাউসার।
এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় কাউসার তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ জানান বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। একপর্যায়ে তিনি পরিবারের সদস্যদের কাছে পানি পান করতে চান। পরে পানি পান করার পরপরই তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে ভাটকেশ্বর এলাকার কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিহত কাউসারের পরিবারের সদস্যদের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে ফোন করে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, এ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যে উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা নিরসনে দ্রুত প্রশাসনিক তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।




























































