শুটিং করতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিং করতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু
মৃত সোহেল খান
প্রিন্ট


নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার সকালে বগুড়ায় সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর।

পরিচালক মোহাম্মদ ইকবালের ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় গিয়েছিলেন। পরিচালক জানিয়েছেন, সকালে নাশতা ও সহকর্মীদের সঙ্গে কথা বলার পর পোশাক পরিবর্তন করে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা।

একপর্যায়ে কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরিচালকের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানিয়েছেন।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীর আকস্মিক মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। কয়েক দশক ধরে সোহেল খান টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় তাঁর কাজ শুরু হয়।

‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিক ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশ: দ্য লিডার’, ‘শান’ ও ‘জংলি’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহ ধামরাইয়ের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হবে।
শেয়ার করুন-