কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের ২ নেতা নিহত

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের ২ নেতা নিহত
কালিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (বামে) ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (ডানে)। (ফাইল ছবি)
প্রিন্ট

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের এক বর্বরোচিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলায় দলের আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ২০ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে একটি শান্তিপূর্ণ প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে আগে থেকেই অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাঁদের শোভাযাত্রায় বর্বরোচিত হামলা চালান। হামলাকারীরা নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। সন্ধ্যার অন্ধকারে এমন আকস্মিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ হামলায় কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওহিদুজ্জামান মিলুর ভাগ্নে—এবং কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) গুরুতর জখম হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুই নেতার মৃত্যুতে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং চরম ক্ষোভ বিরাজ করছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

শেয়ার করুন-