প্রশাসন

দুর্গাপূজায় ৫৫ মণ্ডপের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে থাকবে বিজিবি

⎙ প্রিন্ট
দুর্গাপূজায় ৫৫ মণ্ডপের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে থাকবে বিজিবি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকার ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পত্নীতলা ব্যাটালিয়ন প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে নওগাঁ জেলার সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি এবং জয়পুরহাট জেলার সদর ও পাঁচবিবি উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৬টি পূজামণ্ডপসহ মোট ৪১টি মণ্ডপে নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ১৪টি পূজামণ্ডপসহ সর্বমোট ৫৫টি পূজামণ্ডপে গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রেকি কার্যক্রম সম্পন্ন করেছে বিজিবি।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টহল পরিচালনা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পর্কিত সংবাদ