প্রশাসন

রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

⎙ প্রিন্ট
রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। অভিন্ন মানদণ্ডে সার্বিক কার্যক্রম মূল্যায়নে নওগাঁ জেলা পুলিশ রাজশাহী রেঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই মূল্যায়নে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা অর্জন করেন।

নওগাঁ জেলা পুলিশের এ অর্জনকে জেলার সকল পুলিশ সদস্যের অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এ অর্জনের পেছনে নওগাঁবাসীর সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ