প্রশাসন

গুলশানের দুই বারে মধ্যরাতে অভিযান, আটক শতাধিক নারীকে মুচলেকায় মুক্তি

⎙ প্রিন্ট
গুলশানের দুই বারে মধ্যরাতে অভিযান, আটক শতাধিক নারীকে মুচলেকায় মুক্তি

রাজধানীর গুলশানে ‘র ক্যানভাস’ ও ‘মিডিয়া ক্লাব’ নামের দুটি বারে মধ্যরাতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মদ্যপানের বৈধ অনুমতিপত্র না থাকায় শতাধিক নারীকে আটক করা হয়। পরে মুচলেকা ও লিখিত অঙ্গীকারনামা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গুলশানের বার দুটিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর অঞ্চলের উপপরিচালক রাজিউর রহমান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযান চলাকালে উপস্থিত ব্যক্তিদের মদ্যপানের বৈধ অনুমতিপত্র যাচাই করা হয়। এ সময় আটক নারীরা প্রয়োজনীয় অনুমতিপত্র দেখাতে পারেননি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এতে তাঁরা ভবিষ্যতে বৈধ অনুমতি ছাড়া বারে মদ্যপান করবেন না বলে অঙ্গীকার করেছেন। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে অভিযানের পর সংশ্লিষ্ট বার দুটির বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তী সময়ে অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

অভিযান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে অক্টোবরের প্রথম সপ্তাহেও গুলশানের র ক্যানভাস বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২৯ লিটার অননুমোদিত মদ জব্দের তথ্য জানিয়েছিল রাজস্ব গোয়েন্দা কর্তৃপক্ষ।

রাজধানীর বারগুলোতে মদ বিক্রি ও সেবনের ক্ষেত্রে প্রচলিত অনুমতিপত্র এবং অন্যান্য আইনগত শর্ত প্রতিপালনের বিষয়টি তদারকির আওতায় রয়েছে।

সম্পর্কিত সংবাদ