ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের আগস্টে বাংলাদেশের ডেনিম রপ্তানির মূল্য আগের বছরের একই মাসের তুলনায় ১২ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্টে বাংলাদেশ থেকে ইইউর ডেনিম আমদানির মূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরো। আগের বছরের আগস্টে এ পরিমাণ ছিল ১১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ইউরো। শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, আগস্টে ইইউর সামগ্রিক ডেনিম আমদানি বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ। এই বাজারে বাংলাদেশের অংশ দাঁড়িয়েছে প্রায় ৩১ দশমিক ১৭ শতাংশ। তবে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসের সামগ্রিক হিসাবে বাংলাদেশের ডেনিম রপ্তানি আয় ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬ কোটি ৯১ লাখ ৩০ হাজার ইউরো হয়েছে। এর পরও ইইউর ডেনিম সরবরাহকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের বিশ্লেষণে দেখা গেছে, আগস্টের প্রবৃদ্ধি বছরের প্রথম আট মাসের সামগ্রিক পতন কিছুটা কমিয়েছে। তবে এটি পুরো বছরের রপ্তানি পুনরুদ্ধার নিশ্চিত করে না। সংশ্লিষ্ট শিল্পপ্রতিনিধিরা অধিক মূল্য সংযোজিত পণ্য তৈরি, নতুন প্রযুক্তি ব্যবহার এবং ইউরোপের পরিবেশসংক্রান্ত বাণিজ্যিক শর্তের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যৎ মাসগুলোর রপ্তানির তথ্য পাওয়া গেলে আগস্টের ইতিবাচক প্রবণতা কতটা টেকসই, তা বোঝা যাবে।








