সিলেটে বিশেষ অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাসেল মিয়া ওরফে পল্টি রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ বিভিন্ন অপরাধে সিলেটের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন একটি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯-এর সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রাসেল মিয়া সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ঠাকুরপাড়া এলাকার মৃত আকল মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, রাসেলের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০২৪ সালের ২ এপ্রিল দায়ের করা ওই মামলার নম্বর ০৫, জিআর নম্বর ৮৫/২৪। মামলায় দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীসহ বিভিন্ন অপরাধে সিলেটের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।
গ্রেপ্তারের পর রাসেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




























































