রুহিয়ায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রুহিয়ায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রিন্ট
 ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি-২০২৬) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ​বুধবার (৪ নভেম্বর) দুপুরে গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। তিনি মানবিক শাখার তিন কৃতি শিক্ষার্থী মোছাঃ কোহিনুর আক্তার, মোছাঃ শারমিন আক্তার মামনি ও পূর্ণিমা রানীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর। ​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজানুল হক, গোলাম মোস্তফা, মোঃ আসাদুজ্জামান, মোঃ জামালউদ্দীন, মোঃ শফিক ইসলাম এবং রুহিয়া ব্রাইট স্টার কিন্ডারগার্টেনের পরিচালক ও অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ​বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল চালিকাশক্তি। শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উৎসাহিত করবে। ​অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-