দর্শনায় তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপি নেতার বাড়িও লক্ষ্যবস্তু

দর্শনায় তিন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপি নেতার বাড়িও লক্ষ্যবস্তু
প্রিন্ট
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছয়টি মোটরসাইকেলে দুর্বৃত্তদের মহড়া, ঘটনাস্থল পরিদর্শন পুলিশের
চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে গভীর রাতে পৃথক তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহের বাড়িও রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় ছয়টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত দর্শনা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। একপর্যায়ে তারা পরপর তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করে। হামলার লক্ষ্যবস্তু ছিল পুরাতন বাজার এলাকায় বিএনপি নেতা এনামুল হক মুকুল শাহের বাসা, শান্তিপাড়া এলাকায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনের অংশ এবং নাসিমের বাড়ি। পেট্রলবোমা নিক্ষেপের পর স্লোগান দিতে দিতে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন পুলিশের সদস্যদের নিয়ে পৃথক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পেট্রলবোমা-সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে পুলিশ।
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, গভীর রাতে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাঁর বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল। পরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন।
দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ পৃথক স্থানগুলো পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরপর তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় দর্শনা পৌর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শেয়ার করুন-