বন ও পরিবেশ

নওগাঁয় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা

⎙ প্রিন্ট
নওগাঁয় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা
নওগাঁয় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা
⌖ নওগাঁ সদর

নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহন চালক ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ দূষণ রোধে শব্দদূষণবিরোধী এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ