নওগাঁর মান্দা উপজেলার মৈনম (কানার মোড়) এলাকায় নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, মেসার্স এআরএ ব্রিকস নামের একটি পুরোনো ইটভাটার স্থানে যথাযথ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ চালানো হচ্ছে। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








