দেশের প্রখ্যাত অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন। সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।
আজ জোহরের নামাজের পর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার বাসভবনের সামনে খোলা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। এরপর তাকে বনানী কবরস্থান দাফন করা হবে।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অগ্রগামী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনয়, নাট্যরচনা ও মঞ্চনির্দেশনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক এবং স্বাধীনতা পদক লাভ করেন।
আগামী জুনে তার ৮৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আপনার মতামত লিখুন