রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝখানে নিথর অবস্থায় দেখা যাওয়া তরুণীর সন্ধান মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ঘটনাটি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ওই তরুণী জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে সুস্থ আছেন।বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীগামী সড়কে একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখা যায়। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলটিকে অনুসরণ করেন। তার নজরে আসে, চালকের পেছনে থাকা এক যুবক একজন তরুণীকে ধরে রেখেছেন। তরুণীর খালি পা অস্বাভাবিকভাবে ঝুলে থাকায় তিনি অচেতন নাকি মৃত—এ নিয়ে সন্দেহ তৈরি হয়।পরে মোটরসাইকেলটির ছবি ও নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশও বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। মোটরসাইকেলটির নম্বর ছিল ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪। রেজিস্ট্রেশনের সঙ্গে থাকা যোগাযোগের তথ্য নিয়েও অসংগতি পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।অনুসন্ধানে জানা যায়, মোটরসাইকেলের মালিকের ঠিকানা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। তবে ঘটনার সময় যিনি বাইক চালাচ্ছিলেন, তার বাড়ি রাজেন্দ্রপুরে এবং তার নামের শেষাংশ ‘আলম’। ওই তরুণীর সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি নিয়ে বিভিন্ন দাবি পাওয়া গেলেও তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।তরুণীর পরিবারের একজন সদস্যের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন পারিবারিক একটি বিষয় নিয়ে মনোমালিন্যের পর তিনি বাসা থেকে বের হন। পরে অসুস্থ হয়ে পড়লে দুই যুবক তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। প্রথমে টঙ্গীতে নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে তাকে মিরপুরে এক বান্ধবীর বাসায় রাখা হয় বলে পরিবারের ওই সদস্য দাবি করেছেন।শুক্রবার ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দীর্ঘ সময় কথা বলেননি। তবে তিনি বর্তমানে ভালো ও সুস্থ আছেন বলে নিশ্চিত করেন। পরে সরাসরি দেখা করে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন তিনি।ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর মৃত্যু, অপহরণ কিংবা অন্য কোনো অপরাধের শিকার হওয়ার আশঙ্কাসহ নানা দাবি ছড়িয়ে পড়েছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তরুণী জীবিত ও সুস্থ আছেন। ঘটনার অন্যান্য দিক সম্পর্কে বিভিন্ন পক্ষের যেসব দাবি সামনে এসেছে, সেগুলোর সবকটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।