ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক দ্রব

ভাঙ্গায় ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত লিটু সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান নেয়। তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছে—এমন খবরের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে বাসে থাকা আশরাফুজ্জামান লিটুকে আটক করা হলে পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশপথ হিসেবে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন ধরেই মাদক পরিবহনের একটি ঝুঁকিপূর্ণ করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা সরবরাহের ক্ষেত্রে এই রুটটি সক্রিয়ভাবে ব্যবহৃত হয়। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে এই এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, গত এক মাসে এই এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে একাধিক সফল অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান, যাতে করে মাদক পরিবহন ও বাণিজ্য কার্যক্রম কঠোরভাবে দমন করা যায়। গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান লিটুর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভাঙ্গায় ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার