ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি, বিনা খরচে যাবেন ১০ হাজার

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় বাংলাদেশের মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। একই সঙ্গে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমানভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়া সরকার সরাসরি বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করেছে। এর পাশাপাশি আরও ৩১২টি প্রতিষ্ঠান ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কর্মী পাঠানোর সুযোগ পাবে। সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)ও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে। সব মিলিয়ে ৩৩৮টি প্রতিষ্ঠান মালয়েশিয়ার শ্রমবাজারে কাজ করার সুযোগ পাচ্ছে।এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এসব কর্মীর বিমানভাড়াসহ অভিবাসনের সব ব্যয় বহন করা হবে। প্রথম দফার কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানোর মধ্য দিয়ে নতুন করে শ্রমবাজার চালুর পরিকল্পনা রয়েছে।এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, সরকার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্যে কাজ করছে। বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রধান পাঁচটি কর্মী সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশ ও নেপালের জন্য ২৫টি করে এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে রিক্রুটিং এজেন্সি অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে।বাংলাদেশের জন্য সরাসরি অনুমোদিত ২৫টি প্রতিষ্ঠানের পাশাপাশি আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর যাচাই-বাছাই করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের যৌথ কমিটি।কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও নতুন যাচাই-বাছাইয়ের উদ্যোগ রয়েছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো পরিদর্শন করবে। আপাতত বিতর্কিত প্রতিষ্ঠান বাদ দিয়ে ১৬টি অনুমোদিত মেডিকেল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।বিদেশগামী কর্মীদের নিরাপত্তায় বিমানবন্দরে হয়রানি বন্ধ, মালয়েশিয়ায় পৌঁছানোর পর সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজে যোগদান এবং দেশটির শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিবাসনসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর পরিকল্পনাও রয়েছে।তবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এ কারণে সরকারি নির্দেশনা প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করানো কিংবা পাসপোর্ট জমা না দিতে বিদেশ যেতে আগ্রহীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। দালাল ও প্রতারক চক্রের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ এজেন্সি, বিনা খরচে যাবেন ১০ হাজার