আমন ধান কাটার পরপরই সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় সরিষা আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারে ভোজ্যতেলের ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি চাষ, বীজ বপন ও সার প্রয়োগে মুখর হয়ে উঠেছে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নে সাম্প্রতিক মৌসুমে প্রায় ১০ হাজার ৪৭০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা এর আগের মৌসুমে ছিল প্রায় ৯ হাজার ৫০০ হেক্টর। গত বছরের তুলনায় চলতি মৌসুমে আবাদের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কৃষকরা মূলত উচ্চফলনশীল জাতের সরিষা—বিশেষ করে বারি-১৪, বারি-১৭, বারি-১৯ এবং বিনা-৯ জাতের বীজ বপন করছেন।
সরেজমিনে উপজেলার নওগাঁ, মাগুড়া বিনোদ ও তাড়াশ সদর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন ধান ঘরে তোলার পরপরই কৃষকরা জমি তৈরি করে সরিষার বীজ বপন করছেন।
নওগাঁ ইউনিয়নের কৃষক খাদেমুল ইসলাম বলেন, “আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগে জমি প্রায় দুই মাস ফাঁকা পড়ে থাকে। এই সময়ে স্বল্প খরচে সরিষা চাষ করে ভালো লাভ পাওয়া যায়। সরিষা তোলার পর ওই জমিতেই আবার বোরো ধান লাগানো যায়, এতে জমির উর্বরতা শক্তিও বাড়ে।”
আরেক কৃষক সাখাওয়াত হোসেন বলেন, “গত বছর সরিষার ভালো দাম পেয়েছিলাম। এ বছরও কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়েছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের আশা করছি।”
এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, “সরিষা আবাদ বাড়াতে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার তাড়াশে সরিষার বাম্পার ফলন হবে।”

শেয়ার করুন-



























































