তাড়াশে অসময়ের বৃষ্টি: সরিষা চাষে বড় ক্ষতির শঙ্কা

তাড়াশে অসময়ের বৃষ্টি: সরিষা চাষে বড় ক্ষতির শঙ্কা
ছবিঃ প্রতিনিধি
প্রিন্ট
অসময়ের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সদ্য বপন করা সরিষা খেত নিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং ভালো দামের আশায় অনেক কৃষক আগাম সরিষা বপন করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে বীজ ও চারা পচে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনের টানা ও থেমে থেমে হওয়া বৃষ্টিতে উপজেলার বেশিরভাগ সরিষা জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যেসব জমিতে সবেমাত্র বীজ বপন করা হয়েছিল, সেসব বীজ মাটির নিচেই পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া যেসব জমিতে চারা গজিয়েছে, সেগুলোও অতিরিক্ত পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার নওগাঁ ইউনিয়নের কৃষক খাদেমুল আকন্দ, শাখাওয়াত হোসেন ও নাজমুল প্রামানিকের সাথে কথা বললে তারা জানান, "ঋণ করে ও বাড়তি দামে সার-বীজ কিনে প্রত্যেক জন প্রায় তিন থেকে পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছিলাম। এখন বৃষ্টিতে পুরো জমিতে পানি জমে আছে। রোদ না উঠলে এবং পানি না সরলে সব বীজ পচে যাবে, আমাদের পথে বসতে হবে।" একই ধরনের হতাশার কথা জানিয়েছেন মাধাইনগর, দেশীগ্রাম ও তালম ইউনিয়নের শত শত প্রান্তিক কৃষক। কৃষকদের মতে, এই সরিষা নষ্ট হয়ে গেলে তাদের নতুন করে জমি প্রস্তুত করতে হবে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে বাড়তি খরচের পাশাপাশি পরবর্তী বোরো ধান আবাদেও দেরি হওয়ার শঙ্কা রয়েছে। এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, অসময়ের এই বৃষ্টিতে সদ্য বপন করা সরিষার কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।
শেয়ার করুন-