নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক এলাকায় অবস্থিত লালপুরী দরবার শরিফে চার তরিকার মহান মোর্শেদ, হযরত মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ (রহ.)-এর ৫৩তম উরস মাহ্ফিল উপলক্ষে সপ্তাহব্যাপী উরস মাহ্ফিল ও তরিকত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উরস মাহ্ফিল উপলক্ষ্যে দরবার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজক সূত্র অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১১ অগ্রহায়ণ) সম্মেলনের প্রথম দিন কোরআন খতম, ওয়াজ মাহফিল, তরিকতের বয়ান ও সামা গানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ভক্ত ও আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হবে।
লালপুরী দরবার শরিফের গদীনশীন পীর হযরত মাওলানা খাজা মুঈনুদ্দীন চিশতীর সভাপতিত্বে এবং মাওলানা সাকিব লালপুরীর সঞ্চালনায় সপ্তাহব্যাপী এ আয়োজনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন মুফতী আব্দুল কাদির মামুন, পীরজাদা ফজল মোহাম্মদ ওয়ায়েস শাহ, হানজালা শাহ ও বাহলুল শাহসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ। সম্মেলনের সমাপনী পর্বে মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা নাঈম মোহাম্মদ জাকারিয়া শাহ।
লালপুরী দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ (রহ.)-এর জীবন ও কর্মও এ আয়োজনের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে। জানা যায়, তিনি ১৩০৬ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ধর্মীয় প্রচার, ওয়াজ-নসিহত ও তরিকতের শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সহজ-সরল বাংলা ভাষায় ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার পাশাপাশি তাঁর বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থ ও পুস্তিকা প্রকাশিত হয়। ১৯৭৩ সালের ২৭ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবসকে কেন্দ্র করেই প্রতিবছর নুনেরটেকে এ ওরস ও তরিকত সম্মেলনের আয়োজন হয়ে আসছে।
স্থানীয়ভাবে লালপুরী দরবার শরিফের এ আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং নুনেরটেক ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। প্রতিবছর এ উপলক্ষে দূরদূরান্ত থেকে ভক্ত-আশেকানদের সমাগম ঘটে। স্থানীয়দের কাছে আয়োজনটি ‘লালপুরীর মেলা’ হিসেবেও পরিচিত।
প্রসঙ্গত, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দরবার এলাকায় সাউন্ডবক্স বাজানো ও ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ।





























































