
সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করলে যেকোনো ছোট কাজ থেকেই যে বড় সফলতা অর্জন করা সম্ভব, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আলহাজ উদ্দিন। সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে একটি ছোট দোকানে সিঙ্গারা-পুরি বিক্রি শুরু করে আজ তিনি পুরোপুরি স্বাবলম্বী।
সরেজমিনে গিয়ে জানা যায়, তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলহাজ উদ্দিন। একসময় চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটত তার। সংসারের হাল ধরতে এবং নিজের ভাগ্য বদলাতে মহিষলুটি বাজারে সামান্য পুঁজি নিয়ে সিঙ্গারা ও পুরি তৈরির এই ক্ষুদ্র ব্যবসা শুরু করেন তিনি। শুরুতে বেচাকেনা খুব একটা না জমলেও হাল ছাড়েননি।
খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাশ্রয়ী মূল্যের কারণে খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করেন আলহাজ উদ্দিন। বর্তমানে তার হাতের তৈরি সুস্বাদু সিঙ্গারা ও পুরির সুনাম নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
প্রতিদিন সকাল থেকেই তার দোকানে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় জমে। স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা নিয়মিত তার দোকানের গরম ও মচমচে সিঙ্গারা-পুরির স্বাদ নিতে আসেন। মানসম্মত উপকরণ এবং নিজস্ব ঘরোয়া মসলার ব্যবহারের কারণে ক্রেতাদের কাছে তার খাবারের আলাদা কদর রয়েছে।
নিজের এই সংগ্রাম ও সফলতা সম্পর্কে আলহাজ উদ্দিন বলেন, “শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু আমি কখনো খাবারের মানের সাথে আপস করিনি। মানুষের ভালোবাসা আর দোয়ায় আজ আমি সচ্ছলভাবে সংসার চালাতে পারছি। এই আয় দিয়েই এখন আমার পরিবারের সব খরচ মিটছে এবং সন্তানদের পড়াশোনা করাচ্ছি।”
বর্তমানে এই ক্ষুদ্র ব্যবসা থেকেই প্রতিদিন ভালো অঙ্কের মুনাফা হচ্ছে আলহাজ উদ্দিনের, যা তার পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। চাকরির পেছনে না ছুটে অল্প পুঁজিতেও যে সফল উদ্যোক্তা হওয়া যায়, আলহাজ উদ্দিনের এই জীবনসংগ্রাম এলাকার বেকার যুবকদের জন্য এখন এক বড় অনুপ্রেরণা।
শেয়ার করুন-



























































