নারী ও শিশু

ওসমানীনগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

⎙ প্রিন্ট
ওসমানীনগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ছবি: প্রতিনিধি
⌖ ওসমানী নগর
ওসমানীনগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’-এমন প্রত্যয় নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উন্নয়নের বাংলাদেশ পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সুবল চন্দ্র দাস, সদস্য আব্দুর রকিব আনু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আছমা বেগম, শিক্ষক আনোয়ার হোসেন আনা ও শিক্ষক মো. আশরাফ আলী।
বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুষ্ঠু বিকাশ, শিক্ষা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা সবার দায়িত্ব। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে কন্যাশিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা যেন নিজেদের স্বপ্ন পূরণ করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবিহা জান্নাত তাহা ও নবম শ্রেণির শিক্ষার্থী অনিন্দিতা ধর জয়ী। তারা কন্যাশিশুদের অধিকার, শিক্ষা এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ