নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রোধ এবং বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙতে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী এই কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নারী ও কন্যার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে তুলে ধরা মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ২ হাজার ৪১১ জন নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন; যার মধ্যে ১ হাজার ৯৬ জন মেয়েশিশু এবং ১ হাজার ৩১৫ জন নারী। প্রকাশিত এই উদ্বেগজনক পরিসংখ্যানে দেখা যায়, এ সময়ে ৫৭৯ জন ধর্ষণের (মেয়েশিশু ৩৮৩ ও নারী ১৯৬), ১৩৭ জন দলবদ্ধ ধর্ষণের, ১৭০ জন ধর্ষণচেষ্টার এবং ৪০ জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। এছাড়া ৪৯০ জনকে হত্যা, ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু, ১০৯টি আত্মহত্যা এবং ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন।
বক্তারা বলেন, শারীরিক নির্যাতনের পাশাপাশি সাইবার সহিংসতার ভয়াবহতা ভুক্তভোগীদের মনে গভীর মানসিক ক্ষত তৈরি করছে। প্রচলিত আইন থাকলেও তার যথাযথ প্রয়োগের অভাব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এই সংকট উত্তরণে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—যৌন নিপীড়ন বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন ও নতুন আইন প্রণয়ন, পরিবারে পুত্র ও কন্যাসন্তানের সমানাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যমূলক পারিবারিক আইন বাতিল করে অভিন্ন পারিবারিক আইন (ইউএফসি) প্রণয়ন। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও বিচারবহির্ভূত সালিস বন্ধ, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন, বিশেষ সাইবার ক্রাইম সেলের কার্যক্রম জোরদার করা, অপরাধীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং নারীশ্রমিকদের নিরাপদ অভিবাসন ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মায়া ভৌমিক বলেন, "নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। আইনের কঠোর প্রয়োগ এবং পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধ ছাড়া এই ভয়াবহতা রোধ করা সম্ভব নয়।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট হামিদা বেগম, মহিলা আন্দোলনের সম্পাদক কামরুন্নাহার এবং জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল হক মোল্লা। এছাড়াও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিলকিস বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা দেবনাথ, প্রোগ্রাম এক্সিকিউটিভ মাধবী রায়, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি সাদরুল উলা, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদুল আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





























































