নারী ও শিশু

নিরাপদ যাতায়াতে নতুন উদ্যোগ, ইলেকট্রিক পিংক বাস চালুর প্রস্তুতি

⎙ প্রিন্ট
নিরাপদ যাতায়াতে নতুন উদ্যোগ, ইলেকট্রিক পিংক বাস চালুর প্রস্তুতি

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত ইলেকট্রিক ভেহিকেল বা ইভি পিংক বাস সার্ভিস সম্প্রসারণের পরিকল্পনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বা বিআরটিসি। শুক্রবার বাসসকে দেওয়া বক্তব্যে সংস্থাটির মহাব্যবস্থাপক প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, নতুন বাস পরিচালনার জন্য নারী চালকদের ভারী মোটরযান চালনায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যমান নারীচালিত পিংক বাস সেবার পরিধি বাড়ানোই এই উদ্যোগের উদ্দেশ্য।

বিআরটিসির তথ্য অনুযায়ী, নির্বাচিত নারী চালকদের এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় দক্ষতা যাচাই এবং প্রযোজ্য যোগ্যতা পূরণ করলে তাঁরা ইভি পিংক বাস পরিচালনার সুযোগ পেতে পারেন। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পাশাপাশি গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।

বিআরটিসি জানিয়েছে, বিদ্যমান পিংক বাস সেবা মুনাফার পরিবর্তে নিরাপদ যাতায়াতকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত হচ্ছে। নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ইভি বাস চালু হলে এই সেবার পরিসর বাড়বে বলে কর্তৃপক্ষ আশা করছে। তবে নতুন বাসের সংখ্যা, নির্দিষ্ট রুট, ভাড়া এবং বাণিজ্যিকভাবে চালুর তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। প্রশিক্ষণ সম্পন্ন হওয়া ও প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্তের ওপর বাস্তবায়নের অগ্রগতি নির্ভর করবে। 

সম্পর্কিত সংবাদ