শ্রীপুরে সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার দিবাগত রাতে ময়মনসিংহের কোতোয়ালি র্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচ থেকে ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যান সোহরাব। পরে দুই শিশুসন্তানের সামনে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর সোহরাব হোসেন আত্মগোপনে চলে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।








