
সিরাজগঞ্জের তাড়াশে ঝুরঝুরি বাজার এলাকায় স্থানীয় লোকজনের ধাওয়ায় ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ স্মৃতি ইসলাম হাওয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুরুষ সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক এবং রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ঝুরঝুরি বাজার এলাকায় তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয় লোকজন। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা তাকে ঘিরে ফেলেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জনতার হাতে আটকের পর বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ও উদ্ধারকৃত আলামত হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, স্মৃতি ইসলাম হাওয়া জন্মগতভাবে নারী হলেও দীর্ঘদিন ধরে পুরুষের বেশ ধারণ করে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিলেন। নিজেকে কখনো জনপ্রিয় টিকটকার, আবার কখনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার এই দ্বিমুখী রূপ ও মুখোশের আড়ালে একটি অন্ধকার জগতের অস্তিত্ব ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তাড়াশ থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে তার আসল পরিচয় ও অপরাধের পূর্ণাঙ্গ চিত্র উন্মোচিত হবে।
শেয়ার করুন-




























































