জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ মনিরুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পাঁচবিবি উপজেলার তিন রাস্তার মোড়ের দরগা এলাকায় এ অভিযান পরিচালনা করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল ও একটি মোটরসাইকেলসহ মনিরুল ইসলামকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।





























































