নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১০
নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত বিশেষ টিম। এ সময় দুইজনের কাছ থেকে ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে গত ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে খাঁস নওগাঁ এলাকার মৃত দিপু হাড়ির ছেলে আদিল হাড়ি এবং সুইপার কলোনি এলাকার মৃত শ্যাম জমাদারের ছেলে পতুল জমাদার (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উপস্থিত লোকজনের সামনে মোট ৯৬০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মাদকদ্রব্য হেফাজতে রাখা ও সেবনের অভিযোগে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








